রূপালী ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন। আজ রোববার রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংসদে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে এবারের সংরক্ষিত নারী আসনে বড় জয়জয়কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের। ৩৬টি আসনে জয়ী হয়ে বিএনপি জোটের প্রার্থীরা সংসদে নারী প্রতিনিধিত্বের বড় অংশ নিশ্চিত করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন একজন।
বিএনপি ও তাদের জোটের মনোনয়নে শপথ নেওয়া ৩৬ জন সংসদ সদস্য হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট থেকে শপথ নিয়েছেন ১২ জন এমপি। তারা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন সুলতানা জেসমিন।
৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৯ জন শপথ নিলেও জামায়াত জোটের মনোনীত শরিক দল এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের শপথ আজ অনুষ্ঠিত হয়নি। যদিও গত শনিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে তার নামের গেজেট এখনো প্রকাশিত না হওয়ায় তিনি আজ শপথ নিতে পারেননি। গেজেট প্রকাশের পর তার শপথ অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা স্পিকারের কার্যালয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।