রূপালী প্রতিবেদক, যশোর
যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পেশাগত জীবনে পা রাখলেন ৭৮ জন নবীন আইনজীবী। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনার মাধ্যমে তাদেরকে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি রূপ নিয়েছিল যশোরের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনের এক অনন্য মিলনমেলায়। অনুষ্ঠানে জেলার ৫টি সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধিরা একই মঞ্চে দাঁড়িয়ে নবীনদের বরণ করে নেন এবং সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ডাক দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। নিজের আইনজীবী জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আইন পেশা কেবল জীবিকা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি মহান ব্রত। কুষ্টিয়া বারের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সাদ আহমদের কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি, তা আজও আমার পথচলার প্রেরণা। আমি আশা করি, যশোর বারের এই নবীনরা তাদের মেধা ও সততা দিয়ে সারা দেশে এই বারের সুনাম ছড়িয়ে দেবেন।"
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল যশোরের ৫ জন সংসদ সদস্যের ঐক্যবদ্ধ উপস্থিতি। যশোর-১ আসনের মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৪ আসনের অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী দল-মতের ঊর্ধ্বে উঠে যশোরের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় যশোরের উন্নয়নের রূপরেখা তুলে ধরে অধ্যাপক গোলাম রসুল বলেন, "যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর এবং একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এখন গণদাবিতে পরিণত হয়েছে। এছাড়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব উন্নয়ন ত্বরান্বিত করতে আইনজীবীদের মেধা ও সহযোগিতা প্রয়োজন।"
বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী সরকারের আমলের নির্যাতনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিকূল সময়ে আইনজীবীরা যেভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নজিরবিহীন। প্রায় সাড়ে বারোশ মামলায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের আইনি সুরক্ষা দিয়ে তারা মানবাধিকার রক্ষায় অসামান্য অবদান রেখেছেন।
অনুষ্ঠানে বক্তারা নবীনদের দেশপ্রেম ও নৈতিকতার পাঠ দিয়ে বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি সাম্য ও ন্যায়বিচারকামী সমাজ। দুর্নীতি ও স্বজনপ্রীতিকে ‘না’ বলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারলেই সেই স্বপ্ন পূরণ সম্ভব।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭৮ জন নবাগত আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনি বই উপহার দেওয়া হয়। অ্যাডভোকেট অজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান আলোচক অ্যাডভোকেট গাজী এনামুল হক, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোটু।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন আইনজীবীরা শপথ গ্রহণ করেন যে, তারা আইন পেশার মর্যাদা রক্ষা করবেন এবং অসহায় ও বিচারপ্রার্থী মানুষের আইনি লড়াইয়ে সবসময় নিজেদের নিয়োজিত রাখবেন। নবীনদের এই পদচারণায় যশোর বার এক নতুন প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে।