রূপালী ডেস্ক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংগঠনটি।
জেলা সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর। জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারি শামসুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, অফিস সম্পাদক নূর-ই আলী নূর মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সেক্রেটারি নূরুল আমীন, সদর উপজেলা প্রধান উপদেষ্টা আশরাফ আলী এবং শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে শ্রমিকদের অধিকার চরমভাবে লুণ্ঠিত হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়ে নেওয়া হলেও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। এমনকি কর্মপরিবেশ ও জীবনের নিরাপত্তা নিয়ে শ্রমিকরা আজ চরম শঙ্কিত।’
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এই নীতি অনুসরণ করলেই বাংলাদেশসহ সারা বিশ্বের মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে।
সমাবেশশেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।