রূপালী ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরি—এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরণের রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি মুসলিম প্রার্থীদের জয়ের বিষয়টি আলোচনায় এসেছে। ৮২৪টি আসনের মধ্যে এবার সর্বমোট ১০৭ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দল বিজেপি ৫ রাজ্যের কোথাও কোনো মুসলিমকে প্রার্থী করেনি।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল 'টিভিকে' এবং কেরালায় ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।
পশ্চিমবঙ্গে ২৯৩টি আসনের মধ্যে ৪০ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। গতবার এই সংখ্যা ছিল ৪৪। তৃণমূল কংগ্রেস এবার মুসলিম প্রার্থী কমিয়ে ৩৪ জন করায় এই সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।
কেরালায় ১৪০টি আসনের মধ্যে ৩৫টিতে মুসলিম প্রার্থীরা জয়ী হয়েছেন, যা মোট আসনের ২৫ শতাংশ। এর মধ্যে ৩০ জনই বিজয়ী জোট ইউডিএফ-এর।
আসামে ১২৬টি আসনের মধ্যে ২২ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। বিস্ময়কর তথ্য হলো, আসামে কংগ্রেসের ১৯ জন বিজয়ীর মধ্যে ১৮ জনই মুসলিম।
তামিলনাড়ু ও পদুচেরিতে তামিলনাড়ুতে ৯ জন এবং পদুচেরিতে মাত্র ১ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। এই দুই রাজ্যে মুসলিম প্রতিনিধিত্ব জনসংখ্যার তুলনায় অনেকটা কম বলে বিশ্লেষকরা মনে করছেন।
সামগ্রিকভাবে কেরালা ও আসামে মুসলিম প্রার্থীদের জয়ের হার আশাব্যঞ্জক হলেও বিজেপি কোনো মুসলিম প্রার্থী না দেওয়ায় এবং কিছু রাজ্যে প্রতিনিধিত্ব কমে যাওয়ায় ভারতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।