রূপালী ডেস্ক
দীর্ঘ দেড় মাসের ম্যারাথন ভোটগ্রহণ শেষে এখন সবার নজর সোমবারের (৪ মে) দিকে। আগামীকালই স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের মসনদে কি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো বসছে, নাকি প্রথমবারের মতো রাজ্যের শাসনভার নিতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
রোববার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। শুরুতে পোস্টাল ব্যালট এবং এরপর ইভিএমের ভোট গণনা করা হবে।
ভোটের ফল ঘোষণার আগে বরাবরের মতোই আলোচনায় রয়েছে ‘এক্সিট পোল’ বা বুথফেরত জরিপ। অধিকাংশ সংস্থার জরিপে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক জরিপ বিজেপিকে এগিয়ে রাখলেও কোনো দলই বড় ব্যবধানে জিতবে না বলে ইঙ্গিত মিলছে।
তবে এসব জরিপকে সরাসরি নাকচ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেছেন, বিজেপি অর্থ ব্যয় করে এসব ভিত্তিহীন জরিপ তৈরি করিয়েছে। তার বিশ্বাস, আগের তিনবারের মতো এবারও তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে।
অন্যদিকে, বিজেপি শিবির এই বুথফেরত জরিপে উচ্ছ্বসিত। যদি জরিপের ফল বাস্তবে প্রতিফলিত হয়, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি হবে এক ঐতিহাসিক পরিবর্তন।
আগামীকালকের এই ফলাফল নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়—বাংলার মানুষ উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলকেই বেছে নেয়, নাকি ‘পরিবর্তনের’ ডাকে সাড়া দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসায়।