রূপালী প্রতিবেদক, যশোর
শুক্রবার (১ মে) সন্ধ্যায় যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবসের এক আলোচনা সভা ও শ্রমজীবীদের মাঝে গামছা বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব যশোরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম আবু ফয়সাল। সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খুলনার বিশেষায়িত হাসপাতাল পরিচালক ডা.শেখ আবু শাহীন, অ্যাডভোকেট জিএম মুসা, এস আই আবু হাসান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদ জয়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নাজনীন হায়দার, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, রায়হান কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যশোরস্থ সাতক্ষীরা সমিতির বয়স খুব বেশি দিনের না। এ সময়ের মধ্যে সমিতি নানা ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন দিবস উদযাপনের আয়োজন করেছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষ রোপণসহ নানা ধরনের সামাজিক কাজে অংশ নিয়েছে সংগঠনটি।
সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করবে সংগঠনটি। সাতক্ষীরা জেলার যে সমস্ত মানুষ যশোরের শ্রম দেন তাদের কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।