বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সকল সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ওপর সকল প্রকার হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (৩ মে) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিগত সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানাভাবে হয়রানি, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। অনেক নির্ভীক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে এবং অনেকে কারাবরণ করেছেন। এছাড়া চাকরির অনিশ্চয়তা এবং সম্মানজনক বেতন কাঠামো না থাকায় মেধাবীরা এই পেশায় আগ্রহ হারাচ্ছে।
বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে গণমাধ্যম কোনো ভয়ভীতি ছাড়াই সাধারণ মানুষের কথা বলতে পারবে।"
পরিশেষে, সাংবাদিক সমাজকে পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানায় ছাত্রশিবির। তারা বিশ্বাস করে, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে গণমাধ্যমই হতে পারে সমাজ সংস্কারের অন্যতম কার্যকর হাতিয়ার।