রূপালী ডেস্ক
সরকার ও জনপ্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় উল্লেখ করে কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী 'জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা যাবে না। এটি জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সরকার জনগণের জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারি দপ্তরে সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই হয়রানি বা অনিয়মের শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন সরকারপ্রধান। সেই সঙ্গে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং নারী নির্যাতন বন্ধে ডিসিদের তৎপর হওয়ার তাগিদ দেন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৭টার পর মার্কেট ও শপিংমলে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি।
একটি বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকলেও দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করতে হবে।"
উল্লেখ্য, আগামী ৬ মে পর্যন্ত চলবে এই সম্মেলন, যেখানে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন।