রূপালী ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষা খাতে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
শিক্ষা খাতে বড় ঘোষণা হলো স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আগামী জুলাই মাস থেকে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে।
শিক্ষকদের মর্যাদা ও বাজেট নিয়ে ঘোষণায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে চলমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধান নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।