রূপালী ডেস্ক
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ হওয়ার কথা ছিল ব্যাট-বলের তুমুল লড়াই। সাগরিকার ২২ গজে দর্শকদের গর্জনে মুখরিত হওয়ার কথা থাকলেও, দিনভর সেখানে চলল প্রকৃতির একগুঁয়ে রাজত্ব। বিরতিহীন বৃষ্টির কারণে শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। বিকেল ৪টা ১৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। ক্রিকেটাররা সময়মতো মাঠে পৌঁছে লড়াইয়ের প্রস্তুতি নিলেও প্রকৃতির বাধার মুখে ড্রেসিংরুমেই কাটাতে হয় পুরোটা সময়। ড্রেসিংরুমের ভেতরে তখন ক্রিকেটারদের ভিন্ন এক আবহে দেখা গেছে। কেউ কানে হেডফোন দিয়ে গানের জগতে মগ্ন ছিলেন, কেউ জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলেন, আবার কেউ ড্রেসিংরুমের সাউন্ডবক্সে তারস্বরে গান ছেড়ে ‘বৃষ্টি বিলাস’ করেছেন।
মাঠে খেলা না থাকলেও গ্যালারিতে ছিল দর্শকদের সরব উপস্থিতি। বৃষ্টির তোয়াক্কা না করে কেউ ভিজেছেন, কেউ আবার ছাতা মাথায় দিয়ে প্রিয় দলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত খেলা না হওয়ায় হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। তবে সমর্থকদের জন্য একটি স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যারা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট সংগ্রহ করেছিলেন, তারা নীতিমালা অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবেন। বিসিবির এই সিদ্ধান্ত সমর্থকদের আক্ষেপ কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে জিতে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু বৈশাখের বেরসিক বৃষ্টি সেই অপেক্ষা বাড়িয়ে দিল। এখন সিরিজের ভাগ্য নির্ধারিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
আগামী ২ মে মিরপুরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচটি জিততে পারলে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। আর যদি কোনো কারণে ম্যাচটিতে হার মানতে হয়, তবুও সিরিজ হারানোর কোনো ভয় নেই স্বাগতিকদের; সেক্ষেত্রে সিরিজটি ১-১ সমতায় শেষ হবে। এখন সবার নজর মিরপুরের আকাশের দিকে। শেষ লড়াইয়ে মাঠের ক্রিকেট দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।