রূপালী ডেস্ক
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শপথ পাঠের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা ইমান আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চমার্টিন ইউনিয়নের নিজ এলাকা থেকে ইমানকে গ্রেপ্তার করা হয়।
ইমান আলী উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, রোববার রাতের অন্ধকারে মোমবাতি জালিয়ে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোলাকার অবস্থানে দাঁড়িয়ে হাত উঁচিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে একটি শপথবাক্য পাঠ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ফেসবুক আইডিতে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি প্রচার করেন। তাৎক্ষণিক ভিডিওটি বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার রাতে ২৫ জনের নাম উল্লেখ ও প্রায় ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে বাদীর নাম ও আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।
ওসি ফরিদুল আলম বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটা সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’