রূপালী প্রতিবেদক, যশোর
প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক পদে নূর ইসলামসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুন্দিন বিশ্বাস, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, মাগুরা ফোরাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ, তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সভাপতি আবু ফয়সাল, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তরঙ্গ শিল্পী গোষ্ঠি যশোর।
প্রসঙ্গত, শনিবার (১৯ সেপ্টেম্বর) উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যশোর প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাতফেরী সম্পাদক ফকির শওকত পান ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে ওয়াহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা ২৯ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জন্মভূমির শহিদ জয় (৯৬ ভোট), দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (৯২ ভোট), দৈনিক যশোরের ফটো সাংবাদিক গালিব হাসান পিন্টু (৮১ ভোট), দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার মুর্শিদুল আজিম হিরু (৮০ ভোট), ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এসএম সোহেল (৬২ ভোট) এবং বাংলা ট্রিবিউনের তৌহিদ জামান (৫৯ ভোট)। অপর দুই প্রার্থী সাফিক সায়ীদ ৫৪ ভোট এবং আব্দুল ওহাব মুকুল ৪৮ ভোট পেয়েছেন।
এদিকে এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি নির্বাচিত হন।