রূপালী ডেস্ক :
দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে ‘ধুলোর গান’ কিংবা ‘শতেক ভুল’-এর মতো নন্দিত অ্যালবামের গীতিকার মাহমুদ মানজুর। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ নাটকের টাইটেল গানটি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সৃজনশীল মানুষটি। আরফিন রুমির সুর ও দোলার কণ্ঠে গাওয়া গানটি এখন শ্রোতাদের মুখে মুখে।
পেশায় বিনোদন সাংবাদিক হওয়ায় অন্যের প্রচারেই বেশি ব্যস্ত থাকেন মানজুর, ফলে নিজের সৃষ্টি নিয়ে বরাবরই নিভৃতচারী তিনি। গানটির সাফল্য নিয়ে তিনি বলেন, "এই সফলতা আসলে সবার সম্মিলিত প্রয়াসের ফল। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এই নাটকটি মধ্যবিত্তের নিখাদ গল্পের কারণেই দর্শক গ্রহণ করেছে।"
নিজের প্রচারবিমুখতা প্রসঙ্গে তিনি জানান, অন্যের প্রচার ও সমালোচনা করাই তার পেশা, তাই রাজমিস্ত্রির মতো অন্যের অট্টালিকা গড়ে তুলতেই তিনি আনন্দ পান। ক্যারিয়ারে 'ধুলোর গান', 'পৃথিবীর ক্যানভাস' ও 'শতেক ভুল'-এর মতো তিনটি একক অ্যালবাম ছাড়াও রাজের ‘তারকাঁটা’ ও ‘যদি একদিন’ সিনেমায় গান লিখেছেন তিনি।
দেশের সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে মানজুরের পর্যবেক্ষণ হলো, বর্তমানে ভালো গীতিকবি ও গানের অভাব নেই, তবে উল্লেখযোগ্য সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সংকট রয়েছে। তবে সীমিত সুযোগের মধ্যেও যারা মানসম্পন্ন কাজ করছেন, তাদের নিয়ে তিনি আশাবাদী। গানের সংখ্যা খুব বেশি না হলেও নিজের কাজ নিয়ে তৃপ্ত এই গুণী গীতিকার।