১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম আজগর। সাধারণ সম্পাদক শামীম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা অধ্যাপক জাকির হোসাইন পাটোয়ারী, উপদেষ্টা মাস্টার ফয়সাল আহমেদ, সালেহ আহমেদ, ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি শাহাদাত হোসেন এবং উপজেলার সাবেক সেক্রেটারি সারাফাত হোসেন শাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পৃথিবীর সকল নির্মাণ ও স্থাপনার পেছনে শ্রমিকদের ঘাম ও পরিশ্রম জড়িত। অথচ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন এবং ন্যায্য মজুরি ও অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই শ্রমিকদের কল্যাণে দ্রুত ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।