রূপালী ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী ওই মাইক্রোবাসটি খাগড়াছড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি মহাসড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে এবং একেবারে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান জানান, "দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।"
বর্তমানে হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।